ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ বুধবার একদিনের জন্য বন্ধ রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও চালু রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, আজ ভারতের প্রজাতন্ত্র দিবসের কারণে দেশটিতে সরকারি ছুটি চলছে। তাই বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি না করার কথা জানিয়েছিলেন ভারতীয় ব্যবসায়ীরা। ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

পানামা হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে দু-দেশের আমদানি-রফতানি বন্ধ থাকলেও আগের আমদানিকৃত পণ্য খালাস, ডেলিভারি দেয়াসহ অন্যান্য সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু রয়েছে। আজ যাত্রীদের ভারতে যাওয়া বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা অন্যান্য দিনের মতো বাংলাদেশে প্রবেশ করতে পারছেন।