জাতীয় সংসদের স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, বিএনপির প্রেস উইং থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দেন।

এর আগে তাকে গতকাল লিখিতভাবে এ নির্দেশনা পৌঁছে দেয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র নিশ্চিত করা হয়।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাংচুর হয়। ওই ঘটনায় বিএনপির একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠে। এর কয়েকদিন পরই প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিলেন।

এছাড়া একই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

ফেরদৌসী আহমেদ মিষ্টি সাবেক কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের স্ত্রী ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন।

২০০২ সালের ১০ মে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে গুলিতে নিহত হন মিরপুর থানার বিএনপি নেতা ও তৎকালীন ৮ নম্বর ওয়ার্ড কমিশনার নিউটন। অন্যদিকে ২০১৫ সালের ৩ মে কারাগারে মারা যান পিন্টু।