বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছধরা ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরো দুই জেলের মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করেন অন্য জেলেরা।

এর আগে গত দুদিনে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়। বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার হলো। এখনো ৮ জেলে নিখোঁজ আছেন বলে জানিয়েছেন অন্যরা।

সুন্দরবনের দুবলা জেলেপল্লী টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহলাদ চন্দ্র রায় গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আজ উদ্ধার হওয়া জেলেরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের উকিল উদ্দিনের ছেলে রুহল হাওলাদার ও একই গ্রামের সৈয়দ মল্লিকের ছেলে শহিদুল মল্লিক।

প্রহলাদ বলেন, দুপুরে দুবলাচরের অদূরে সাগরে দুই জেলের মরদেহ ভেসে উঠলে অন্য জেলেরা চরে নিয়ে আসে। এনিয়ে ৭ জনের মরদেহ উদ্ধার হলো।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে সাগরে মাছ ধরার সময় আকষ্মিক ঝড়ের কবলে পড়ে সুন্দবনের দুবলার শুকটি পল্লী এবং উপকূলীয় এলাকার অন্তত ২১টি ট্রলার ডুবে যায়। গত শনিবার পর্যন্ত ডুবে যাওয়া ১৬টি ট্রলার এবং দেড়শতাধিক জেলেকে সাগর থেকে জীবিত উদ্ধার করেন অন্য জেলেরা।