বিশ্বকাপের ডামাডোলে অনেকটা ঢাকা পড়ে যাওয়া ষোড়শ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই চির ফাইনালিস্ট, দুই প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলংকা। ভারত নামবে অষ্টম শিরোপার লক্ষ্যে, আর লংকানদের লক্ষ্য সপ্তমবারের মতো এশিয়ান মুকুট। আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।

এবারের এশিয়া কাপ আসরটি আলোচনায় ছিল আয়োজক দেশ আর বৃষ্টি নিয়ে। মূল আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক টানাপড়েনের কারণে সেখানে খেলতে যেতে অপারগতা জানায় ভারত। ফলে ‘হাইব্রিড মডেল’ তৈরি করে শ্রীলংকাকেও আয়োজক করা হয়। ভারত তাদের সব ম্যাচই খেলছে দ্বীপদেশে। ফাইনালসহ ১৩ ম্যাচের মধ্যে মাত্র চারটি হয়েছে পাকিস্তানে, বাকি সব শ্রীলংকার পাল্লেকেলে ও কলম্বোয়। 

এরপর সবচেয়ে বেশি শিরোনামে ছিল বৃষ্টি। গ্রুপ পর্বে পাকিস্তান-ভারত ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সুপার ফোরের লড়াইয়েও চোখ রাঙায় বৈরী আবহাওয়া। অবশেষে রিজার্ভ ডের ব্যবস্থা করা হয় এবং ম্যাচটি রিজার্ভ ডেতেই শেষ হয়। সুপার ফোরে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচেও হানা দেয় বৃষ্টি। আজ ফাইনালের দিনও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যদিও ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে। 

বিশ্বকাপের আগে ঘটনাবহুল এ আসরে নেপাল ও পাকিস্তানের বিপক্ষে দুটি দুর্দান্ত জয়ের পর দুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে একটিতে জিতলেও অন্যটি তাদের পক্ষে যায়নি। শ্রীলংকার বিপক্ষে কোনোমতে জিতলেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের বিপক্ষে। এর পরও দুই জয় তাদের ফাইনাল নিশ্চিত করে। শ্রীলংকাও সহজে ফাইনালের টিকিট পায়নি। গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে হারলে সুপার ফোরেই ওঠা হতো না সিংহলিজদের। অথচ তারাই কিনা অন্যতম ফেভারিট পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে! 

ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা নিয়ে অনেক কথা উঠলেও শেষ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে নাম লিখিয়েছে আসরের দুই সফলতম দল ভারত ও শ্রীলংকা। ভারত এ আসরের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন, আর শ্রীলংকা চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার। বাকি দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। 

বাংলাদেশের কাছে সর্বশেষ ম্যাচে হারলেও আজ ফাইনালে ভিন্ন এক ভারতকে দেখা যেতে পারে। আগের ম্যাচে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরাহর মতো চার শীর্ষ খেলোয়াড়কে বিশ্রাম দেয় দলটি। আজ তারা সবাই ফিরছেন। ফলে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামবে এশিয়া কাপের ‘রাজা’রা। 

এদিকে, এশিয়া কাপের আরেক বড় দল সিংহলিজরা আরেকটি ফাইনালে পৌঁছে দারুণ উজ্জীবিত। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়া দলটি শেষ পর্যন্ত উঠে গেল ফাইনালে। সুপার ফোরে ভারতের সঙ্গে যেভাবে লড়েছে দাসুন শানাকার দল, তাতে আজ শিরোপা জিতে নিলেও কেউ বিস্মিত হবে না। আর ইতিহাস তো তাদের পক্ষেও কথা বলে। এটি এশিয়া কাপে তাদের ১২তম ফাইনাল! 

ফাইনালের আগে দুই দলেই আছে চোট সমস্যা। চোটে পড়ায় ডানহাতি অফ স্পিনার মহিশ থিকসানা ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। পাকিস্তান ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। বিশ্বকাপ সামনে রেখে ঝুঁকি নিতে চায় না শ্রীলংকা, ফলে তাকে রিহ্যাবের জন্য হাই পারফরম্যান্স সেন্টারে পাঠিয়ে দেয়া হয়েছে।

ফাইনালের আগে থিকসানাকে হারানো শ্রীলংকার জন্য বড় একটি ধাক্কা। পাঁচ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন তিনি। তার জায়গায় এসেছেন অফ স্পিনার সাহান আরাচ্চিগে। স্পিনে থিকসানা দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার শূন্যতা সাহান পূরণ করতে পারবেন কিনা, সেটি সময়ই বলে দেবে। তবে একাদশে সুযোগ পেলে তার ব্যাটিংটা দলের শক্তি বৃদ্ধি করবে। তবে থিকসানার জায়গায় খেলতে পারেন লেগ স্পিনার দুশান হেমন্তও।

এছাড়া ২০ বছর বয়সী স্পিনার দুনিত ভেল্লালাগের উত্থান ঘটেছে সম্প্রতি। ভারতের বিপক্ষে ম্যাচে ৫ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে করেন হার না মানা ৪২ রান। দুটি ক্যাচও নেন। ম্যাচে লংকানরা হারলেও দুনিতই হয়েছেন ম্যাচসেরা। তাকে ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছেন লংকান সমর্থকরা।  

এদিকে, ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেলও বাংলাদেশ ম্যাচে খুঁড়িয়েছেন। আজ তাকে দেখা যাবে না একাদশে। অক্ষর বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন বলে তাকে নিয়ে ঝুঁকি নেবে না ভারতীয় ম্যানেজমেন্ট। তার বিকল্প হিসেবে এরই মধ্যে দেশ থেকে ডেকে আনা হয়েছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। অক্ষর না খেললে সেটি ভারতের জন্য বড় আঘাত। তিনি শ্রীলংকার বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে ৩৬ বলে ২৬ ও বাংলাদেশের বিপক্ষে ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন। 

অক্ষরের জায়গায় খেলতে পারেন ওয়াশিংটন সুন্দর কিংবা শার্দূল ঠাকুর। পেস বোলিং অলরাউন্ডার শার্দূল মারমুখী ব্যাটিং করেন। 

বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচে ভালো করেননি তিলক ভার্মা। এর পরও তাকে একাদশে রাখতে পারে ভারত। কারণ টি২০-তে বিস্ফোরক ব্যাটিং করে তিনি পরীক্ষিত নাম। তিলক খেললে বাদ পড়বেন ইশান কিশান। 

ফাইনাল জিততে চান লংকান দলনায়ক দাসুন শানাকা। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ছেলেরা দেশকে কিছু দিতে চায়। দল হিসেবে আমরা কিন্তু আন্ডারডগ ছিলাম। এখন এ ছেলেরা বড় মঞ্চে ভালো করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে উদগ্রীব। এটাই এ তরুণদের সিক্রেট।’

বিশ্বকাপ সামনে রেখে জয়ের ধারায় থাকতে চায় ভারতও। দলটির ওপেনার শুভমান গিল শুক্রবার বাংলাদেশ ম্যাচের পর বলেন, ‘এশিয়া কাপ জয় করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জয়ের অভ্যাস গড়ে তুলতে চাই। সঠিক সময়ে জ্বলে ওঠা ও সঠিক সময়ে ছন্দ পাওয়া বেশ গুরুত্বপূর্ণ।’