নাটোরের বাগাতিপাড়ায় ভিমরুলের কামড়ে শাফি আহম্মেদ নামে (৫) এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৫টার দিকে মারা যায় শাফি আহম্মেদ। গত শুক্রবার দুপুরে উপজেলার বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাফি একই এলাকার চান মিয়ার ছেলে ও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র।

তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা রাণী সূত্রধর জানান, গত শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুর ধারে খেলতে গেলে শিশু শাফিকে অসংখ্য ভিমরুলে কামড় দেয়। শাফি ভিমরুলের কামড় থেকে বাঁচতে পুকুরে লাফিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে দয়ারামপুর মজুমদার ক্লিনিক ও বনপাড়া আমেনা হাসপাতালে নেয়। সেখানে কিছুটা সুস্থ হলে রাতে শিশুটিকে বাড়িতে নেয়া হয়। পরে গতকাল ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

বেলা ১১টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।