রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকার একজন ওই ব্যক্তিকে বনে ও বনের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছে। সে মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল ভোরে তাকে একটি বন্য হাতি আক্রমণ করে পা বিচ্ছিন্ন করে সড়কের পাশে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব বলেন, বর্তমানে কাপ্তাইয়ে হাতির উৎপাত ব্যাপক পরিমাণে বাড়ছে। গতকাল মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় কাপ্তাই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
কাপ্তাই উপজেলায় গত দুই বছরে বুনো হাতির আক্রমণে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।










