রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাছেছর হোসেন বলেছেন, মাদক বিষয়ে কোনো আপস করা হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে সবাই মিলে চেষ্টা করব। গতকাল দুপুরে জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত পলওয়েল পার্ক মিলনায়তনে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এসপি বলেন, পার্বত্য অঞ্চলে বিশেষ কারণে স্থানীয়রা নিজেদের জন্য পাহাড়ি মদ তৈরি করেন, যা তারা নিজেরা সেবন করতে পারবেন। তবে এটি ব্যবসার জন্য তৈরি ও বিক্রি করা অপরাধ। সেটা করতে দেয়া হবে না। রাঙ্গামাটিতে বছরের বেশির ভাগ সময়ই পর্যটকরা ভ্রমণ করতে আসেন। সেসব ভ্রমণকারীর জন্য বিভিন্ন বিনোদনের মাধ্যম রয়েছে। কিন্তু মাদক দিয়ে বিনোদন দেয়ার চেষ্টা করা যাবে না।
মতবিনিময় সভায় এএসপি ছুফি উল্লাহ (প্রশাসন ও অপরাধ), এএসপি
(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, এএসপি (হেড কোয়ার্টার) মাঈন উদ্দীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া থানা প্রসঙ্গে তিনি বলেন, রাঙ্গামাটি জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে একটি থানা হওয়ার কথা ছিল। কাগজে-কলমে থানার সব ঠিক থাকলেও এখনো বাস্তবায়ন হয়নি ফারুয়া থানা। আমি দায়িত্ব নেয়ার পরই ফারুয়া থানার কথা শুনে সেখানে গিয়েছি কেন হয়নি এখনো এবং কোথায় হওয়ার কথা জানতে। ফারুয়া এলাকাটি অনেক দুর্গম হওয়ায় অনেক কষ্ট করে আমাদের সেখানে যেতে হয়েছে। আমরা থানা করার প্রস্তাবিত জায়গা খুঁজে বের করার চেষ্টা করেছি কিন্তু পারিনি।










