বরিশালে আট মাস আগে দিন-দুপুরে সংঘটিত একটি জুয়েলারি চুরির রহস্য উদ্ঘাটন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চৌকস সদস্যরা। জুয়েলারি দোকানের সামনের সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বরিশাল, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টানা নয়দিন অভিযান চালিয়ে  ওই চুরির সঙ্গে জড়িত আটজন এবং চোরাই স্বর্ণালঙ্কার কেনার অভিযোগে দুই জুয়েলারি দোকানের মালিককে গ্রেফতার করেন তারা। এ সময় চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।

গতকাল   দুপুর ১২টায় পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, এ চুরির রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে সিটি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করেছে। নগরীকে নিরাপদ রাখতে বেশি বেশি সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। দেরিতে হলেও জুয়েলারি চুরির রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেফতার করায় তদন্ত কর্মকর্তাদের প্রশংসা করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপপুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মো. সালেহ, অভিযানে নেতৃত্বদানকারী বিএমপির কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী কমিশনার রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।