সুপার ওভারে নাটকীয় জয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা আনল বাংলাদেশের মেয়েরা। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সুপার ওভারের শেষ বলে ২ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। নাসরা সান্ধুর ষষ্ঠ বলটিকে লং-অফ অঞ্চল দিয়ে বাউন্ডারি মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার সুলতানা। এ জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা আনল স্বাগতিকরা।
সুপার ওভারে বল হাতে নেন স্পিনার নাহিদা আক্তার। তার প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইরাম জাভেদ। দ্বিতীয় বলে সিঙ্গেল নেন বিসমাহ মারুফ। পরের দুই বল থেকে ৬ রান তুলে নেন আলিয়া রিয়াজ। পঞ্চম বলে রানআউট বিসমাহ। পাকিস্তান পায় ৭ রানের পুঁজি (৭/২)।
এরপর ব্যাট হাতে বাংলাদেশকে জেতানোর ভার পড়ে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ওপর। সান্ধুর করা প্রথম বলেই বাউন্ডারি মেরে মোস্তারি এগিয়ে রাখেন বাংলাদেশকে। যদিও পরের দুই বল থেকে তিনি নিতে পারলেন ১ রান। চতুর্থ বলে স্বর্ণা নেন ১ রান। শেষ ২ বলে ২ রান লাগলেও বাউন্ডারি হাঁকাতে গিয়ে বোল্ড মোস্তারি। তখন ম্যাচের ভাগ্য দুলছিল পেন্ডুলামের মতোই। কী হবে, কেউ জানে না।
অনিশ্চিত অবস্থায় ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের বিশ্বস্ত নাম নিগার। প্রচণ্ড চাপের মুখে তিনি সান্ধুর বলে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন। জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে লাল-সবুজ জার্সিধারীরা সবাই মাঠে নেমে নিগারকে ঘিরে আনন্দে মেতে ওঠেন।
এর আগে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ নিগার (৫৪) ও ফারজানা হকের (৪০) ব্যাটে ভর করে ৯ উইকেটে ১৬৯ রান তুলতে সমর্থ হয়। জবাব দিতে নেমে বাংলাদেশের শক্ত বোলিংয়ের মুখে ৪৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় নিদা দারের দল। শেষ ওভারে ১ উইকেট হাতে নিয়ে ৩ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। স্পিনার ফাহিমা খাতুন দিলেন ২ রান। ম্যাচ সমতায় আসার পর শেষ ২ বলে অতিথি দলের প্রয়োজন পড়ে মাত্র ১ রান। কিন্তু নাসরা সান্ধুকে রানআউট করে দিয়ে ম্যাচটি ‘টাই’ করার কৃতিত্ব দেখায় বাংলাদেশ। ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১৬৯/৯; পাকিস্তান ৪৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট।
বাংলাদেশের রাবেয়া খান ২৯ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফাহিমা খাতুন।
মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান। গতকাল সুপার ওভারে জিতে ১-১-এ সমতা আনল স্বাগতিকরা। শুক্রবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজের মীমাংসা হবে। এর আগে চট্টগ্রামে তিন ম্যাচের টি২০ সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
এ সিরিজটা আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। এটা ১১ ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় জয়। ১০ দলের লড়াইয়ে ৯ পয়েন্ট নিয়ে নিগারের দল রয়েছে টেবিলের আট নম্বরে। পাকিস্তান ১৪ ম্যাচের ৭টি জিতে টেবিলের দুইয়ে।










