বগুড়ায় দেশী ও বিদেশী অর্থসহ নব্য জেএমবির সদস্য সন্দেহে কামরুজ্জামানকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকালে তার কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

গতকাল দুপুর ১২টায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত নব্য জেএমবির সদস্য কামরুজ্জামানকে আদালতে প্রেরণ করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় বগুড়ার শাহাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুজ্জামান জেএমবির বাইতুলমাল বিভাগের দায়িত্বে ছিল। অর্থ সংগ্রহে সে দেশের বিভিন্ন স্থানে সফর করে। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার শাহাজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে। বর্তমানে ঢাকার ৭৪-বি, নর্থ রোড কলাবাগান রোডে বসবাস করছিল।

গ্রেফতারের পর কামরুজ্জামানের কালো রঙের ব্যাগ তল্লাশি করে নিষিদ্ধ ঘোষিত জিহাদি বই ও ন্যায্য সন্ত্রাস নামে পাঁচটি, ও আর রাফিদা পাঁচটি, রুহিয়্যাহ ১২তম সংখ্যা লেখা ছয়টি। অন্যদিকে বাংলাদেশী ৩ লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, সৌদি আরবের ৪১০ রিয়াল, মালয়েশিয়ার ১ রিঙ্গিত পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে নব্য জেএমবির বাইতুল মাল বিভাগের দায়িত্বে আছে বলে স্বীকার করেছে। এ বিষয়ে শাজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।