মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

গতকাল বিকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম।

যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন দেশ ভাগ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ছয় দফা দাবি, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের সময়কার ঘটনাপ্রবাহের ধারাবাহিক বর্ণনা দেন। মুক্তিযুদ্ধের আরেক বীর সেনানী এসএম ওয়ালিউর রহমান মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।

 চাকরি ছেড়ে চলে এসে মহান মুক্তিযুদ্ধে যোগদানসহ সেই সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা দেন তিনি।

যবিপ্রবির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।