বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করা সম্ভব। তিনি কৃষি, পরিবহন, এগ্রোমেশিনারিজ ও স্বাস্থ্যসেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি অনেক বেশি। এ ব্যবধান কমাতে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি আমদানি পণ্যের শুল্ক কমানোর অনুরোধ জানান তিনি।
চীনের রাষ্ট্রদূত জানান, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এরই মধ্যে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, চীনে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। ইলিশ আমদানি করলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে। এছাড়া আম, কাঠাল ও পেয়ারা আমদানির পাশাপাশি বাংলাদেশে এসব খাতে বিনিয়োগের আগ্রহও প্রকাশ করেন তিনি।
সাক্ষাতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খানও উপস্থিত ছিলেন।










