বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ শহীদ মিনারে নেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নিয়ে গেলে সর্বসাধারণ তার প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়। সেখানে কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, ইংরেজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সংগীত বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসহ স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুর খবরে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।










