বগুড়ার গাবতলী উপজেলায় দুই আনসার সদস্যকে কুপিয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখায় এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহত আনসার সদস্য মাসুদ রানা ও হাবিবুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গাবতলী থানা পুলিশ জানায়, উপজেলার শেষ সীমানায় অবস্থিত পীরগাছা বাজার এলাকার সাবেকপাড়ায় রূপালী ব্যাংক শাখার অবস্থান। গতকাল ভোর ৫টার দিকে ওই শাখায় দুজন মুখোশধারী দুর্বৃত্ত ডাকাতির চেষ্টা করে। ডাকাত দল ব্যাংকের ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙে ব্যাংকের মূল গেটের কাছে চলে যায়। সেখানে ডাকাত দল কৌশলে ব্যাংকের লোহার কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে। গেটের শব্দে ব্যাংকের নিরাপত্তায় থাকা আনসার সদস্য মাসুদ রানা ও হাবিবুর রহমান এগিয়ে গিয়ে দুই মুখোশধারীকে দেখে বাধা দেন। এ সময় ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে ভোল্টের দিকে চলে যায়। একপর্যায়ে আনসার সদস্যরা চিত্কার-চেঁচামেচি শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। চিত্কার শুনে স্থানীয়রা এগিয়ে তাদের উদ্ধার করে এবং থানায় খবর দেয়।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গাবতলীর সাবেকপাড়ার একটি ভাড়া বাসায় কার্যক্রম পরিচালনা করছিল রূপালী ব্যাংক। ব্যাংকের সিসি টিভি ফুটেজে দেখা যায়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মুখোশ পরা দুজন দুর্বৃত্ত ডাকাতির চেষ্টা করে। এ সময় কর্তব্যরত আনসাররা তাদের বাধা দিলে ডাকাতরা আনসার সদস্যদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে টাকা লুট করতে পারেনি ডাকাতরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

গাবতলী রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখার ম্যানেজার মোতাহার হোসেন জানান, ডাকাতির চেষ্টা করেছে মুখোশ পরা দুজন দুর্বৃত্ত। তারা কর্তব্যরত আনসার সদস্যদের ওপর হামলা চালায়। ভোল্ট ভাঙার চেষ্টা করলেও পারেনি। পরে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।