শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকটি দাবির মধ্যে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অধ্যাপক জহির উদ্দিন আহমেদকে অব্যাহতি প্রদানও ছিল অন্যতম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশে অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমদকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একই সঙ্গে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে পরবর্তী নির্দেশনা না দেয়ার আগ পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

গত ১৩ জানুয়ারি প্রভোস্টের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলন শুরু করেন শাবির সিরাজুন্নেসা ছাত্রী হলের শিক্ষার্থীরা। পরে ১৫ জানুয়ারি ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবিরের উপস্থিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ১৬ জানুয়ারি আন্দোলনকারী শিক্ষার্থীরা শাবিপ্রবি উপাচার্যকে অবরুদ্ধ করেন। সে সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্র-ছাত্রীরা। এরপর উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় কার্যক্রমে অচলাবস্থা।