ভারতীয় সীমান্তঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যে ১২ জন মারা গেছে, তাদের সাতজনই এ জেলার বাসিন্দা। গত একদিনে এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬১ জনের। এরই মধ্যে এ জেলায় সাতজনের মধ্যে ধরা পড়েছে করোনার ভারতীয় ধরন।
সংক্রমণের রাশ টানতে এ জেলায় চলছে বিশেষ লকডাউন। তবু গোপনে এলাকা ছাড়ছে চাঁপাইনবাবগঞ্জের শ্রমজীবীরা। রাজশাহী হয়ে পাড়ি দিচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে। তাদের মাধ্যমে করোনাভাইরাসের ভারতীয় ধরনের সংক্রমণের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গতকাল রাজশাহী রেলওয়ে স্টেশন ও শিরোইল বাস টার্মিনাল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় কয়েকশ শ্রমজীবী মানুষকে। হেঁটে ও নদী পাড়ি দিয়েসহ নানা কৌশলে তারা রাজশাহীতে আসেন।
তাদের ভাষ্যমতে, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর গোদাগাড়ীর দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ পথ হেঁটে তারা চলে আসছেন। সকালে পুলিশ ডিউটিতে আসার আগেই তারা বাড়ি থেকে বের হয়ে মাঠের মধ্য দিয়ে পৌঁছে যাচ্ছেন রাজশাহী নগরীতে। সেখান থেকে বিভিন্ন স্থানে চলে যাচ্ছেন। অনেকে থেকে যাচ্ছেন রাজশাহী নগরে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার জানিয়েছেন, অসচেতন এসব লোকজন পথে পথে করোনা সংক্রমণ ছড়াচ্ছেন। তাদের কারণেই পুরো এলাকায় ব্যাপকভাবে করোনার কমিউনিটি সংক্রমণ হয়েছে। লকডাউন পুরোপুরি বাস্তবায়ন করা না গেলে সুফল মিলবে না।










