কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনার পর বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে পুলিশি প্রহরায় রয়েছে বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল। পাশাপাশি জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। গতকাল সকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু ম্যুরালে পুলিশের এ কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ করা গেছে।

জানা গেছে, বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের নির্মিত উপজেলা পরিষদে, মুক্তিযোদ্ধা সংসদের সামনে ও বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হয়। তিনটি ম্যুরালের নিরাপত্তা জোরদার করেছে থানা পুলিশ। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে নন্দীগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

বগুড়ার নন্দীগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আব্দুর রশিদ সরকার জানান, শুধু ম্যুরালই নয়, উপজেলার সব স্থানে নিরাপত্তা ব্যবস্থা আগেও ছিল, এখনো আছে। নন্দীগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরালগুলো নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।