জার্মানির বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিট (ডব্লিউএইচএস) ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশের ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ বাস্তবায়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বার্লিনের চ্যারিটি ক্যাম্পাসে এ দ্বিপক্ষীয় ও প্রযুক্তিগত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বৈঠকে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) প্রস্তাবিত ২৫ কোটি ইউরো ঋণের আওতায় বাংলাদেশে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ কর্মসূচির আওতায় প্রসূতি মৃত্যু কমানো, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং ইউনিয়ন পর্যায়ে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতিসেবা নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়।

এছাড়া জেলা হাসপাতালের সক্ষমতা বাড়ানো এবং ডিজিটাল পদ্ধতিতে রোগীদের সেবা গ্রহণের তথ্য অনুসরণের ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা হয়।

কর্মসূচিটিতে কারিগরি ও কৌশলগত সহায়তা দিচ্ছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), বার্লিনের চ্যারিটি বিশ্ববিদ্যালয় এবং বার্লিন ইনস্টিটিউট অব হেলথ (বিআইএইচ)।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী ও মেয়েদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ আন্তর্জাতিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধি দল বার্লিনের চ্যারিটি হাসপাতালের আধুনিক চিকিৎসাব্যবস্থা ও ক্যান্সার স্ক্রিনিং সুবিধা পরিদর্শন করেন। ভবিষ্যতে দুদেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়েও তারা একমত হন।