সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শেষ হলে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। শিগগিরই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর আশাও প্রকাশ করেন তিনি।
আজ মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন বিমান প্রতিমন্ত্রী।
ঢাকা-নিউইয়র্ক বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি নিউইয়র্ক থেকে একটি অডিট টিম আসছে। কিছুদিন পর তাদের দ্বিতীয় টিম আসবে। আমরা আশাবাদী খুব শিগগির নিউইয়র্কের সাথে সরাসরি ফ্লাইট চালু করতে পারবো। সিলেট থেকেও যাতে ভবিষ্যতে নিউইয়র্ক ও টরেন্টোতে ফ্লাইট পরিচালনা করা যায়, এ বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে।
যুক্তরাজ্যের সঙ্গে সরাসরি ফ্লাইট প্রসঙ্গে মাহবুব আলী বলেন, ওসমানী বিমানবন্দরে যে টার্মিনাল আছে সেটি সাধারণত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এরকম টার্মিনাল উপযোগী নয়। তারপরও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের সাথে পরামর্শ করে, তাদের নির্দেশনা মতো এই টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও ইচ্ছা অনুযায়ী কভিডের সময়ও ওসমানী বিমানবন্দরের কাজ বন্ধ হয়নি। এ সময়ের মধ্যেই রানওয়ের শক্তি বৃদ্ধি ও সম্প্রসারণসহ অন্যান্য অনেক কাজ হয়েছে। ফলে এ বিমানবন্দর থেকে এখন যুক্তরাজ্যের হিথ্রোতে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও শক্তি বৃদ্ধির কাজ শেষ। এখন নতুন আন্তর্জাতিক টার্মিনাল নির্মাণ কাজ শেষ হওয়ার অপেক্ষা। বিমান প্রতিমন্ত্রী বলেন, ১১৬টি পাইলিংয়ের মধ্যে আজ প্রথম পাইলিংয়ের বোরিং কাজ শুরু হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে এ টার্মিনালের কাজ শেষ করা হবে। এরপর শুধু হিথ্রো নয়, বিশ্বের বিভিন্ন গন্তব্যে এ বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
সিলেটে বিমান প্রতিমন্ত্রী
শিগগিরই নিউইয়র্কের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর আশা
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শেষ হলে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। শীঘ্রই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর আশাও প্রকাশ করেন তিনি।










