বাগেরহাটের শরণখোলার চালিতাবুনিয়া বাজারে অগ্নিকাণ্ডে ২২ দোকান
ভস্মীভূত হয়েছে। এতে অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন
ব্যবসায়ীরা। গতকাল দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শরণখোলা ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায়
আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ২২টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে
সাউথখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং রায়েন্দা ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত দোকান
মালিকদের পাশে থাকার আশা ব্যক্ত করেন তারা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক জামাল হোসেন মুন্সী বলেন, যখন অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে, তখন বিদ্যুৎ ছিল না বাজারে।
আমরা ধারণা করছি, দুর্বৃত্তরা
পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। এতে ব্যবসায়ীদের ৫০ লাখ টাকার
বেশি ক্ষতি হয়েছে।
শরণখোলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মেশফাকুল আলম
বলেন, আগুনের খবর পেয়ে
মোড়েলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আরো বেশি ভয়ংকর হয়ে উঠেছিল। আমরা সর্বোচ্চ
চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ধারণা করছি, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।










