মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশীদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে সচিবালয়ে তার সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় তার কাছ থেকে বাংলাদেশীদের খোঁজ নেন প্রধানমন্ত্রী। আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সকালে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশীরা কী অবস্থায় আছে সে সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পাশপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।

রুমন আরো বলেন, ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে প্রধানমন্ত্রী সেটিও সার্বক্ষণিক তদারিক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রীও এ কাজে সর্বাক্ষণিক নিয়োজিত রয়েছেন।