মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনসহ পদ্মা রেল সংযোগ প্রকল্পের
পাঁচটি নতুন স্টেশনের ক্যাবল চুরি যাওয়ায় সিগনালিং সিস্টেম বিকল হয়ে পড়েছে। এ
কারণে প্ল্যাটফর্মে ট্রেন থামাতে না পেরে মাঝরাস্তায় ট্রেন থামিয়ে যাত্রীদের ওঠানামা করতে হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা দেখা
দিয়েছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ এবং রেল সংযোগ প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিগনাল বিকল হয়ে পড়ায় কম্পিউটারে সবসময় রেড সিগনাল দেখাচ্ছে। ম্যানুয়ালি লাইন ঠিক করে আপাতত ট্রেন চলাচল সচল রাখা হয়েছে। তবে এতে ট্রেনের গতি স্বাভাবিক নেই এবং স্টেশনগুলোতে ট্রেন যথাযথ জায়গায় থামছে না।
গত ২২ আগস্ট মাওয়া
স্টেশনে প্রথম ক্যাবল চুরি হয়। তবে এক মাস পেরিয়ে গেলেও মেরামত করা হয়নি। এরপর
শ্রীনগর, নিমতলা এবং সর্বশেষ ১৭ সেপ্টেম্বর শিবচর স্টেশনের ক্যাবল চুরি হয়।
এছাড়াও পদ্মা সেতুর জাজিরা প্রান্তের পদ্মা স্টেশনের ক্যাবলও চুরি হয়েছে। এ ঘটনায়
স্টেশনগুলোর স্বয়ংক্রিয় সিগন্যাল বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাওয়া রেলওয়ে
স্টেশনের স্টেশন মাস্টার হাসানুর রহমান জানান, সিগনালিংয়ের তার চুরি হওয়ায়
স্বাভাবিক গতিতে ট্রেন চলতে পারছে না এবং ক্রসিংয়ে বেশি সময় লাগছে। সমস্যার দ্রুত
সমাধানের চেষ্টা চলছে। তবে শিগগিরই সমাধান না হলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
প্রতিদিন চার জোড়া ট্রেন পদ্মা সেতু পার হয়ে চলাচল করছে। এর মধ্যে দুটি মাওয়ায় থামছে। এছাড়া প্রতি ঘণ্টায় একটি লোকাল ট্রেনও চলাচল করছে।










