শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশন রাজশাহী নগরীতে বসবাসরত গরিব, অসহায়, দুস্থ, নিম্ন আয়ের ও ছিন্নমূল ২০ হাজার মানুষকে খাদ্যসহায়তা দেবে।
গতকাল দুপুরের দিকে নগরীর পিটিআই মাঠে খাদ্যসামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ এএইচএম কামারুজ্জামান ও জাহানারা জামানের সন্তান রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
প্রথম দিন নগরীর ১, ২, ৪ ও
৮ নং ওয়ার্ডের ১ হাজার ২০০ মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে নগরজুড়ে ২০ হাজার মানুষ এ সহায়তার আওতায় আসবে।
জানা গেছে, নগরীর প্রত্যেক ওয়ার্ডে ৩০০ জন করে ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের ১১ হাজার ১০০ জন পাবেন এ সহায়তা। এছাড়া পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরাও এ খাদ্যসহায়তার আওতায় আসবেন।
ঈদ উপহার হিসেবে খাদ্যসমগ্রী বিতরণকালে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনাকালীন রাজশাহীতে কর্মহীন, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার পিতা শহীদ এএইচএম কামারুজ্জামান ও মাতা জাহানারা জামান ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন খাদ্যসামগ্রীর বিশেষ প্যাকেজ বিতরণ করা হচ্ছে। কয়েক দিন ধরে এটি নগরীর সব ওয়ার্ডে বিতরণ করা হবে।
ঈদ উপহারের বিশেষ প্যাকেজের প্রতি প্যাকেটে রয়েছে আট কেজি মোটা চাল, এক কেজি পোলাও চাল, দুই কেজি ডাল, এক
লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও এক প্যাকেট সেমাই। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উপহার নেন লোকজন।










