বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং অবরপ্রাপ্ত এক অধ্যাপকের মৃত্যু হয়েছে। দুটি মরদেহই জীবণুমুক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে গতকাল শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান জেলার সারিয়াকান্দি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবু সৈয়দ মোহাম্মদ কামরুজ্জামান (৬৫) এবং জেলার টিএমএসএস হাসপাতালে মারা যান বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মহসীন আলী (৫৪)।
বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মনজুর মোর্শেদ জানান, কামরুজ্জামান বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় থাকতেন। তিনি রাজশাহীর সাগরপাড়ার বাসিন্দা। বগুড়ায় জানাজা শেষে শনিবার রাতেই মরদেহ রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসেন জানান, তার সহকর্মী মহসীন আলী (৫৪) ৩১ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে ৩ সেপ্টেম্বর তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল (১২ সেপ্টেম্বর) বিকালে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ঘোড়াগ্রাম। পরিবার নিয়ে থাকতেন বগুড়া শহরের সাবগ্রামে।
বগুড়ার টিএমএসএস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার লাশ জীবণুমুক্ত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বগুড়ার সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানানো হয়েছে, বগুড়ায় নতুন করে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষা করা হয় শনিবার। জেলায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২ জন। সুস্থ হয়েছেন ৫৫ জন। এর মধ্যে বগুড়া সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ২৭ জন, শিবগঞ্জে ২ জন এবং শাজাহানপুরে ২ জন।










