মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গভীর রাতে যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় ভোলা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ফারহান-৩ লঞ্চ থেকে যাত্রী নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় খবর পেয়ে সোমবার সকাল ৯ টা থেকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। তবে বর্ষা মৌসুমে নদীর গভীরতা বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম।

নিখোঁজ লোকমান হোসেন (৩৭) ঢাকায় রাজমিস্ত্রি হিসেবে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় বলে জানিয়েছে নৌ-পুলিশ।

missing

নিখোঁজ লোকমান হোসেন।

নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরছিলেন তিনি। রাতে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে লঞ্চ থামলে বন্ধুকে এগিয়ে দিতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। এরপর প্রায় ১০ ঘন্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। নিখোঁজ ব্যক্তির সন্ধান না মেলা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।