বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের সময় ১৩ জেলেসহ ভারতীয় একটি ট্রলার আটক করেছে মোংলা কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে এফ,বি মা-বাবার আশীর্বাদ-১২ নামে ট্রলার ও এর ১৩ জেলে আটক হন।
কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম মামুনুর রহমান জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখতে পায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড সদস্যরা। এ সময় টহলরত জাহাজ নিয়ে সেখান থেকে ভারতীয় ওই মাছধরা ট্রলারটিকে আটক করে সদস্যরা। ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ী ভারতের কলকাতায় বলে জানা গেছে।
লেফটেন্যান্ট এম মামুনুর রহমান বলেন, ট্রলারসহ ওই ১৩ ভারতীয় জেলেকে মোংলায় আনা হচ্ছে। আজ শুক্রবার দুপুরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। কোস্টগার্ড এখনও তাদের নাম জানতে পারেনি।
এর আগে গত ৮ আগস্ট একই এলাকা থেকে ১৩ ভারতীয় জেলেসহ একটি ট্রলার আটক করেছিল কোস্টগার্ড।










