দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটের বীজ আমদানি শুরু হয়েছে। বন্দর দিয়ে নতুন এ পণ্য আমদানির ফলে বন্দরের দৈনন্দিন আয় যেমন বাড়বে, তেমনি কর্মরত শ্রমিকদের আয় বাড়বে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
গতকাল বিকাল ৫টার দিকে ভারত থেকে পাটবীজবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে পণ্যটি আমদানি শুরু হয়। এদিন বন্দর দিয়ে ছয়টি ট্রাকে ১২৬ টন পাটবীজ আমদানি হয়। ভারতের আলাউদ্দিন মণ্ডল নামের রফতানিকারক প্রতিষ্ঠান ও দেশের ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের মিম সিড ট্রেডার্স, জেড এগ্রো প্রাইভেট লিমিটেড, মঞ্জুর সিড কোম্পানি, জুয়েল সিড কোম্পানি প্রতি টন ১ হাজার মার্কিন ডলার মূল্যে এসব পাট বীজ আমদানি করেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের টিম এই বন্দর দিয়ে পাটের বীজ আমদানির সক্ষমতা যাচাইয়ের জন্য বন্দর ও আমাদের সংগনিরোধ কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন। তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দর দিয়ে পাটের বীজ আমদানির অনুমতি দিয়েছে।










