বগুড়ায় ধানচারা রোপণের মধ্যে দিয়ে শস্যচিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের ১২০ বিঘা জমির কৃষি মাটিতে ধানের চারা রোপণের মধ্যে দিয়ে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সৃষ্টির কাজ (রূপদান) শুরু হয়। এদিন সোনালি ও নীল রঙের বিশেষ দুটি জাতের ধানের চারা রোপণ করা হয়। এ দুই রঙের সমন্বয়ে ধান চারা যতটায় বড় হবে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ততটাই ফুটে উঠবে।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় এ ব্যতিক্রমী কর্মসূচি নেয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উচ্চফলনশীল দুই ধরনের ধানের চারা রোপণের মাধ্যমে এ কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। অনুষ্ঠানে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র, সদস্য সচিব কেএসএম মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য হাবিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।










