বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘বছরের ‘সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ বিভাগে পুরস্কার পেয়েছে কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লিমিটেডের অধীনে পরিচালিত ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স।
শনিবার (৩ অক্টোবর) বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ফ্যান্টাসি কিংডমকে এ পুরস্কার দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কনকর্ড গ্রুপের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কনকর্ড গ্রুপের পক্ষে ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার অন্যান্য কর্মকর্তার সঙ্গে পুরস্কার গ্রহণ করেন।
এ স্বীকৃতি ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা বাংলাদেশের পর্যটন ও বিনোদন খাতে প্রতিষ্ঠানটির অবদান, মানসম্মত পারিবারিক বিনোদন, আধুনিক ও আকর্ষণীয় রাইড ও বিনোদন ব্যবস্থা, দর্শনার্থীদের উন্নত অভিজ্ঞতা, পর্যটন প্রসারে ভুমিকা এবং একটি সমন্বিত বিনোদন ও অবকাশকেন্দ্র হিসেবে এর বিকাশকে স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশের অন্যতম অগ্রণী থিম পার্ক ও বিনোদনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকে, ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের বিনোদন ও অভিজ্ঞতার সুযোগ সৃষ্টি করে আসছে। এর মধ্যে রয়েছে ফ্যান্টাসি কিংডম, থিম পার্ক, ওয়াটার কিংডম, হেরিটেজ কর্নার, এক্সট্রিম রেসিং-গো-কার্ট এবং রিসোর্ট আটলান্টিস। দীর্ঘদিন ধরে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পরিবার, পর্যটক, করপোরেট গ্রুপ এবং বিনোদন প্রত্যাশী দর্শনার্থীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।










