আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সময়ানুবর্তিতা ও দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। আজ (২৩ ফেব্রুয়ারি) জারি করা অফিস আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে কিংবা বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, দেরিতে অফিসে আসা এবং অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার স্বার্থে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে এই নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, রমজান মাসে বিকাল ৩টা ৩০ মিনিট এবং রমজান পরবর্তী সময়ে বিকাল ৫টার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। অফিস চলাকালে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে এবং অফিস ত্যাগের রেজিস্টারসহ ডিজিটাল হাজিরায় যথাযথ এন্ট্রি দিতে হবে।

নির্দেশনায় সতর্ক করা হয়, এসব বিধান অমান্য করলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অফিস আদেশে সকলকে সময়ানুবর্তিতা ও পেশাগত দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

অফিস আদেশ