ধ্রুপদী এ লড়াইয়ে শেষ হাসি হাসল সূর্যকুমার যাদবের ভারত, আর সেমিফাইনালে মাত্র ৭ রানে হেরে বিদায় নিল ইংল্যান্ড। রোববার ভারত-নিউজিল্যান্ড ফাইনাল।
চলতি দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো আড়াইশ রান করার কৃতিত্ব দেখাল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ইংল্যান্ডের বোলারদের নাজেহাল করে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তুলে নেয়। চলতি বিশ্বকাপে এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৬ রান তুলেছিল সূর্যকুমার যাদবের দল, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।
আগের ম্যাচের নায়ক সাঞ্জু স্যামসন আর ইশান কিশান ঝড়ো ব্যাটিংয়ে ৮.৩ ওভারেই ভারতকে এনে দেন শতরান। কিশান ৩৯ রান করে আউট হওয়ার পরও থামেনি সেই ঝড়। ১৩ ওভার শেষে ভারত তুলে নেয় ১৬০ রান।
এ গতি অব্যাহত থাকে শেষ পর্যন্ত। আর তাতেই চলতি আসরে আরেকবার আড়াইশ রানের সৌধ গড়ার কৃতিত্ব দেখায় স্বাগতিকরা। স্যামসন আগের ম্যাচে ৫০ বলে ৯৭ রান করে ভারতকে সেমিফাইনালে তোলেন। টানা দ্বিতীয় ম্যাচে হাসল তার ব্যাট। গতকাল করেন ৪২ বলে ৪২ রান। ৮ বাউন্ডারি ও ৭ ছক্কায় ইংলিশ শিবিরে কাঁপন ধরিয়ে ফিরেছেন সাজঘরে। সেই ভিতের ওপর দাঁড়িয়ে শিবম দুবে (২৫ বলে ৪৩), হার্দিক পান্ডিয়া (১২ বলে ২৭) ও তিলক ভার্মা (৭ বলে ২১) ভারতকে বিশাল সংগ্রহ এনে দেন।
বুধবার প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড। ফিন অ্যালেনের তাণ্ডবে দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে কিউইরা। প্রোটিয়াদের ছুড়ে দেয়া ১৬৯ রানের টার্গেট ১৩ ওভারের মধ্যে ছুঁয়ে ফেলে কিউইরা! ৩৩ বলে ১০ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১০০ রান করে এইডেন মার্করামদের যন্ত্রণা দিয়েছেন অ্যালেন। এছাড়া ৩৩ বলে ৫৮ রান করেন টিম সেইফার্ট।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত খেলবে তৃতীয় বিশ্বকাপ শিরোপার আশায়, আর নিউজিল্যান্ডের লক্ষ্য ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা।










