যাত্রীসেবা আরো উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। পরিদর্শন শেষে তিনি বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
আজ শনিবার (২১ মার্চ) বিমানবন্দর পরিদর্শনে গেলে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
পরিদর্শনের সময় মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি যাত্রীসেবা আরো উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ঈদুল ফিতর উপলক্ষে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন মন্ত্রী। তিনি কর্মরত সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় হওয়ার কামনা করেন।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, সদস্য এস এম লাবলুর রহমান এবং সদস্য এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বিমানবন্দরের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা বজায় রাখার আহ্বান জানান।










