বগুড়ার সোনাতলা উপজেলার বাঙালী নদীতে বিরল প্রজাতির ১৭ কেজি ওজনের একটি মাছ মাঝিদের জালে আটকা পড়েছে। ওই এলাকার মাঝিরা এর আগে এ ধরনের মাছ কখনই দেখতে পাননি। গতকাল সকালে মাছটি দেখতে এলাকার শত শত মানুষ ভিড় করে।

মাছ ধরার পর জেলেরা জানান, আটক মাছটি দেখতে কুঁচিয়া মাছের মতো। মাছটির ওজন প্রায় ১৭ কেজি। লম্বায় প্রায় চার হাত। এরপর একই এলাকার তহসিন আলী প্রামাণিকের ছেলে মিঠু মিয়া দেড় হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

সোনাতলার জোড়গাছা ইউনিয়নের পোড়াপাইকড় এলাকার বিশু আকন্দের ছেলে শাহ আলম বাড়ির পার্শ্ববর্তী বাঙালী নদীতে জাল ফেলেন। শুক্রবার সকালে শাহ আলম নদীতে গিয়ে দেখতে পান তার জালে বিরল প্রজাতির একটি মাছ আটকা পড়েছে। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় জালসহ মাছটি নৌকা দিয়ে কিনারে আনা হয়। ঘটনাটি জানাজানি হলে শত শত উত্সুক জনতা মাছটিকে একনজর দেখতে ওই নদী পাড়ে ভিড় জমায়।