বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাবেক ডিন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান (৯১) মৃত্যুবরণ করেছেন। 

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান। 

পরিবার সূত্র জানায়, ড. মানিক লাল দেওয়ান এ মাসেই কভিড-১৯ আক্রান্ত হন স্বপরিবারে। চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে। সেখান থেকে কভিডমুক্ত হয়ে ফিরে এসে নিজ বাসভবন রাঙ্গামাটি জেলা শহরের মাঝের বস্তির ট্রাইবেল অফিসার্স কলোনীতে ছিলেন। 

বুধবার রাতে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে অক্সিজেন সাপোর্ট দেয়া হয় এবং বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে নেয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মানিক লাল দেওয়ানের মেয়ে ঝুমা দেওয়ান জানান, বাবা করোনামুক্ত হয়ে মোটামুটি ভালোই ছিলেন। বুধবার হঠাৎ অসুস্থতা বোধ করার পর বৃহস্পতিবার সকালে আমরা তাকে চট্টগ্রাম নিয়ে আসি, সেখানেই বেলা সাড়ে এগারোটার দিকে তিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ব্রেনস্ট্রোক করেছেন। আগামীকাল শুক্রবার তাঁর দাহক্রিয়া করা হবে। 

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানিয়েছেন, ক’দিন আগেই কভিডমুক্ত হয়ে রাঙ্গামাটি ফিরেছিলেন মানিক লাল দেওয়ান। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় অক্সিজেন সাপোর্টের জন্য। সকালেই উনাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। দুপুরে জানলাম তিনি মারা গেছেন। 

এদিকে সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ানের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

প্রসঙ্গত, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ইতিহাসে সবচেয়ে উচ্চশিক্ষিত চেয়ারম্যান ছিলেন ড. মানিক লাল দেওয়ান। তিনি ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০০৭ সালের ১২ জুলাই অবধি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্বপালনকালে শিক্ষক নিয়োগসহ বেশ কিছু নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতি ছাড়াই সম্পন্ন করেছেন।