রমজানের শুরুতেই দিনাজপুরের হিলিতে বেগুনের দাম বেড়েছিল দ্বিগুন। একদিনের ব্যবধানে ফের দ্বিগুন বেড়েছে সবজি পণ্যটির দাম। গতকাল বৃহস্পতিবার ৪০ টাকা বিক্রি হলেও আজ ৮০ টাকা দরে বেগুন বিক্রি হয়েছে। হুট করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। দ্বিগুন দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়ীদের কারসাজিতে দেখছেন তারা। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কমায় এ খাদ্যপণ্যের দাম বেড়েছে।

আজ শুক্রবার সরেজমিন হিলির কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারে বেগুন নেই। হঠাৎ করেই সবজিপণ্যটি বাজার থেকে গায়েব হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকালও বাজারে বেগুন ছিল, কিন্তু আজ পাওয়া যাচ্ছে না। যাদের দোকানে বেগুন তোলা আছে, তারা বিক্রি করছেন দ্বিগুন দামে।

হিলি বাজারে বেগুন কিনতে আসা ক্রেতারা দাবি করেন, রাতারাতি বেগুনের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি ছাড়া অন্য কিছু নেই। কিন্তু বিক্রেতারা বলছেন, যেমন দামে তারা কিনেছেন, তার পরিপ্রেক্ষিতেই বেগুন বিক্রি করছেন তারা। দাম বাড়ায় দ্বিগুন মূলেই বিক্রি করতে হচ্ছে তাদের।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে যেন কোনো মহল কোনো ধরনের কারসাজি করতে না পারে সে জন্য ব্যবস্থা নেয়া আছে। এ ছাড়া অপ্রয়োজনে কোনো পণ্যের মূল্য যেন বৃদ্ধি না পায়, এজন্য বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে মূল্যতালিকা না টাঙানোয় ও বাড়তি মূল্যে পণ্য বিক্রির দায়ে বেশ কয়েক দোকানিকে জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।