বিশ্বকাপে গতকাল স্নায়ুক্ষয়ী লড়াইয়ে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ছয় ম্যাচের চারটিতেই হেরে সেমিফাইনালের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের। 

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শীর্ষ তারকারা বড় ইনিংস খেলতে না পারায় ধুঁকছিল পাকিস্তান। বাবর আজম ও সৌদ শাকিলের ফিফটি ও শাদাব খানের ৪৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ২০ বল বাকি থাকতে ২৭০ রানে গুটিয়ে যায় তারা। জবাব দিতে নেমে ২৬০ রানে নবম উইকেট হারানো প্রোটিয়ারা এক উইকেটের নাটকীয় জয় পায়। 

২৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা এইডেন মার্করামের প্রত্যয়ী ফিফটিতে জয়ের পথেই ছিল। যদিও ২৫০ রানে তারা সপ্তম উইকেট হারালে জমে ওঠে ম্যাচ। ৫ উইকেট হাতে নিয়ে জয় থেকে মাত্র ৩৬ রান দূরে ছিল দক্ষিণ আফ্রিকা। তখনই মার্কো ইয়ানসেনকে সাজঘরে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান হারিস রউফ। এরপর মার্করাম যতক্ষণ টিকে ছিলেন ম্যাচের পাল্লা হেলে ছিল প্রোটিয়াদের দিকেই। দলীয় ২৫০ রানের সময় উসামা মিরের বলে মার্করামের বিদায় ঘটলে জমে ওঠে ম্যাচ। কভার পয়েন্টে তার দুর্দান্ত ক্যাচ নেন বাবর আজম। পরের ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন জেরাল্ড কোয়েৎজি (২৫০/৮)।  

তখন মরা ম্যাচে প্রাণ ফেরায় পাকিস্তান। প্রোটিয়াদের রান যখন ২৬০ তখন নিজের বলে এক হাতে লুঙ্গি এনগিডির ফিরতি ক্যাচ নেন হারিস। অবিশ্বাস্য এ ক্যাচে স্বপ্ন জাগে পাকিস্তানের। এরপর শেষ অবধি প্রাণপণ লড়ে যান পাকিস্তান বোলাররা। যদিও আরাধ্য জয়টি আর পাওয়া হলো না তাদের। ম্যাচটি তারা হেরে গেল এক উইকেটে। কেশব মহারাজ (৭*) ও তাবরাইজ শামসি (৪*) দৃঢ়তা দেখিয়ে ১৬ বল বাকি থাকতে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন।