প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সহযোগী অধ্যাপক ডা. এমএ হান্নান। চিকিৎসাধীন অবস্থায় ২৭ মার্চ দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
ডা. এমএ হান্নান রামেকের সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। করোনা শনাক্ত হওয়ার আগের দিনও রাজশাহীতে রোগী দেখেছেন এ চিকিৎসক।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্বাসকষ্ট নিয়ে ২৩ মার্চ রামেক হাসপাতালে ভর্তি হন ডা. এমএ হান্নান। ২৪ মার্চ নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। দ্রুতই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে নেয়া হয়।
২৬ মার্চ থেকে পুরোপুরি লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সেখানেই ২৭ মার্চ দিবাগত রাত ১১টা ২০ মিনিটে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ দাফন করা হয়।
এ পর্যন্ত রাজশাহী নগরীতে ৪ হাজার ৮৮০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।










