দেশের বাজারে বাড়ল চার ধরনের জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনে লিটার প্রতি ২ টাকা বাড়ানো হয়েছে। নতুন এ দাম আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) কার্যকর হবে। আজ রোববার রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দাম বৃদ্ধির ফলে ডিজেলে দাম ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা, পেট্রোল লিটারপ্রতি ১১৮ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং অকটেন ১২২ টাকা থেকে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে। এ লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা, অকটেন ১২২ থেকে ২ টাকা বাড়িয়ে ১২৪ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা ২ টাকা বাড়িয়ে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ থেকে ২ টাকা বাড়িয়ে ১১৬ টাকা পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। এ দাম সোমবার (১ ডিসেম্বর) কার্যকর হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে। ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়। অকটেন ও পেট্রল বিক্রিতে সব সময় বিপিসি লাভ করেন। মূলত ডিজেল বিক্রিতেই বিপিসির লাভ ও লোকসান নির্ভর করে। 

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আগে নিয়মিত সমন্বয় করতো বিপিসি। এখন বিইআরসি প্রতিমাসে করছে। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জ্বালানি বিভাগ জানায়, প্রতিবেশী দেশ ভারত ছাড়াও উন্নত বিশ্বে প্রতি মাসেই জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত হিসেবে গত বছরের ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি ঘোষণা করা হয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালুর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশে কমবে, আবার বাড়লে দেশের বাজারেও বাড়বে।