সিলেটের কোম্পানীগঞ্জের পাথারচাউলি হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে গিয়েছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশও করেছিলেন তিনি। তার পরিদর্শনের তিনদিনের মাথায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষকরা। এ অবস্থায় হাওরের ১৫০ হেক্টর জমির বোরো ধান হুমকিতে পড়েছে।
হাওরপারের কৃষকরা জানান, বাঁধের মাঝখানে বিরাট অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে। দ্রুত সংস্কার না করলে ঢলের পানির প্রথম ধাক্কাতেই এ বাঁধ ভেঙে যাবে। নিম্নমানের কাজ হওয়ায় বাঁধের মাঝখানে ফাটল ধরেছে বলে তারা অভিযোগ করেন।
স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, পাথারচাউলি হাওরের এই বাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সীমান্ত দিয়ে বর্ষা শুরুর আগেই কখনো কখনো ঢল নামে। যে মানের কাজ হয়েছে এতে প্রথম ধাক্কাতেই হাওরে পানি ঢুকে ফসলহানির শঙ্কা রয়েছে।
এদিকে কাজ চলমান রয়েছে বলে জানান বাঁধের দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী ফখরুল আহমেদ। অল্প সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ হবে বলেও তিনি জানান।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং পাথারচাউলি ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, পাউবোর কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি পাথারচাউলি হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে গিয়ে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনদিনের মাথায় বাঁধে ফাটল দেখা দেয়।










