চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের তৃতীয় তলায় রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী। তিনি নিজে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
লিখিত বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনের প্রস্তুতি গ্রহণ করছি। এ মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে আজ হীরকজয়ন্তীতে অংশগ্রহণের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এর রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা। তবে বর্তমান শিক্ষার্থীদের ফি দিতে হবে না।’
৩০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।’
নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় টিম থাকবে, পুলিশ থাকবে, বিএনসিসি থাকবে। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী জানান, হীরকজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এজন্য রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের সম্ভব হলে ১০ নভেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার অনুরোধ জানাচ্ছি।










