নেদারল্যান্ডস ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়ার রয়েছে দারুণ এক যোগ। ডাচদের বর্তমান অধিনায়ক স্কট এডওয়ার্ডস নিজে অস্ট্রেলিয়ার নাগরিক। পরে তিনি নেদারল্যান্ডসের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। দুই দেশের নাগরিকত্ব তার। এছাড়া সাবেক ডাচ কোচ রায়ান ক্যাম্পবেল থেকে শুরু করে টপ কুপার, টিম ফন ডার গুগটেন, মাইকেল সোয়ার্ট ও ডির্ক ন্যানেসের মতো অসংখ্য ক্রিকেটার অস্ট্রেলিয়ায় জন্ম ও বেড়ে ওঠার পর নেদারল্যান্ডস জাতীয় দলের জার্সি গায়ে চেপেছেন।

যুগে যুগে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা থেকে উঠে আসা ক্রিকেটার নিয়ে গড়া ডাচ দলের প্রতি অবশ্য আজ ভালোবাসা প্রদর্শনের বিন্দুমাত্র সুযোগ নেই অজিদের সামনে। দিল্লিতে বিশ্বকাপ ম্যাচে আজ এ দুই দল মুখোমুখি। অস্ট্রেলিয়া সেমিফাইনালের রেসে থাকতে জিততে মরিয়া, আর নেদারল্যান্ডসও প্রোটিয়া বধের পর আরেকটি বড় শিকারে মত্ত। অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে এই ম্যাচ। 

ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এবারের বিশ্বকাপ আসরে অত্যন্ত বাজে সূচনা হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের। যদিও এরপর ধীরে ধীরে ফিরে আসে প্যাট কামিন্সের দল। শ্রীলংকা ও পাকিস্তানকে টানা হারিয়ে তারা এখন ভালোভাবেই আছে সেমির রেসে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে অজিরা। আজ জিতলে তারা ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান আরো সংহত করবে।

ডাচদের হালকাভাবে নেবে না অজিরা। কারণটাও জানা। স্কট এডওয়ার্ডসের দল দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিকে মাটিতে নামায়। তাদের সামান্য ভুলের সুযোগটা লুফে নিতে পারেন লোগান ফন বিক, বাস ডি লিডিরা। তাছাড়া টানা তিন জয়ে এবং প্রতিপক্ষের ওপর আধিপত্য করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের দাবিদার হয়ে উঠতে চায় কামিন্সের দল। 

কেরালায় ওয়ার্মআপ ম্যাচে অস্ট্রেলিয়ার পরীক্ষা নিয়েছে ডাচরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৩ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান তোলে অজিরা। জবাবে ডাচরা ৬ উইকেটে ৮৪ রান তোলার পর খেলা আর গড়ায়নি। এই ম্যাচে হ্যাটট্রিক করেন মিচেল স্টার্ক। 

ডাচদের বিপক্ষে অজিরা কোনো খেলোয়াড়কেই বিশ্রাম দেবে না বলে জানিয়েছেন দলটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।