শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে চলমান আন্দোলন নিয়ে উপাচার্যের দেয়া বক্তব্য আন্দোলনকে পুনরায় উস্কে দিচ্ছে বলে মনে করেন শিক্ষার্থীরা। ওই দিনের অনুষ্ঠানে তার বক্তব্যকে মিথ্যাচার ও মনগড়া বলে দাবি করেছেন তারা।
গতকাল বুধবার সন্ধ্যায় মোহাইমিনুল বাশার রাজ ও শাহরিয়ার আবেদীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। এসময় শিক্ষার্থীরা পুনরায় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ নিশ্চিত করার দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, শাবিপ্রবি শিক্ষার্থীরা অতীতের কোনো কিছুই ভুলেনি। তাদের সকল দাবির বিষয়ে অতি শীঘ্রই যথাযথ পদক্ষেপ নেয়া হবে-শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় আপাতত আন্দোলন প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীদের শরীরে লাঠি, বুলেট, বোমার সকল আঘাত, জখম, ঝরা রক্ত মনে অক্ষয় শক্তির যোগান দিয়ে অঙ্গার হয়ে জ্বলছে। ভিসির পতন না হলে এ অঙ্গার অপ্রতিরোধ্য দাবানলে পরিণত হবে।
বিবৃতিতে তারা জানান, সুস্পষ্ট আশ্বাসেই শিক্ষার্থীরা আপাতত আন্দোলন স্থগিত করেছে। তবে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ যদি ভেবে থাকেন যে তিনি যা ইচ্ছা তাই বলতে পারবেন তবে বিরাট ভুল করছেন। এসময় তারা পুলিশের হামলার ১ মাস পূর্তিতে অবিলম্বে উপাচার্যের অপসারণ নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্যকে মিথ্যাচার ও মনগড়া আখ্যা দিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়।
প্রসঙ্গত, শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের পর গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে উপাচার্য বলেন, অন্যায় আবদার করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাথা নত করবে না। একজনও যদি ন্যায্য কথা বলে তাহলে আমরা গুরুত্ব দিয়ে এটা সমাধানের ব্যবস্থা করব। অন্যায়ের কাছে মাথা নত করি নাই, ভবিষ্যতেও করব না। আমরা ন্যায় এবং সত্যের পথে থাকবো। আপনারা দেখতে পেয়েছেন সত্য এবং ন্যায় আজকে বিজয়ী হয়েছে। মিথ্যা আজকে পরাভূত হয়েছে। দুঃস্বপ্ন কাটিয়ে এমন একটি আলোকজ্বল দিন এসেছে, এতে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।










