বাংলাদেশে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায় ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি। আজ বুধবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে তিনি বলেন ‘আমরা ইসির কাছে কোনো সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবেন।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইইউভুক্ত ১১টি দেশের প্রতিনিধিদের নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত রয়েছেন। অন্যদিকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চার্লস হোয়াইটলি।

বৈঠক শেষে সাংবাদিকদের অ্যাম্বাসেডর বলেন, ‘আমরা আজ ইইউ মিশন থেকে ইসির সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। গত বছরের জুলাইয়ে শেষ বৈঠকের পর থেকে এটির আরও অগ্রগতি হয়েছে।’

‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিদেশি মিশনের সঙ্গে কথা বলার জন্য আমাদের স্বাগত জানিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।’

চার্লস হোয়াইটলি বলেন, ‘ইইউ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায়। ইসি এ বিষয়ে ইতিবাচক। আমরা মনে করি ইসির কাজ এবং অগ্রগতিতে প্রযুক্তিগত এবং পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আরও আলোচনা করার সুযোগ রয়েছে।’

এক প্রশ্নের জবাবে এই ইইউ কর্মকর্তা বলেন, ‘নির্বাচনে ইসির প্রস্তুতির বিষয়টি নিয়ে বৈঠকে আমাদের মধ্যে আলোচনা বেশি হয়েছে। সবাই চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। তাই আমরা ইসির কাছে কোনো সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবেন।’

বুধবারের এ বৈঠকে উপস্থিত ছিলেন ইইউ ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, ডেনমার্কের অ্যাম্বাসেডর ইউনি স্ট্র্যাপ পিটারসন ও সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ বন। আরো ছিলেন জার্মানির অ্যাম্বাসেডর আচিম টোস্টার, কিংডম অব নেদ্যারল্যান্ডসের অ্যাম্বাসেডর এনি গিরার্ড ভ্যান লুইন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গিলিয়াম এড্রেন ডে কের্ডেল, ইতালির ডেপুটি হেড অব মিশন মাটিয়া ভেনচুরা, স্পেনের হেড অব মিশন ইগনাসিয়ো সাইলস ফার্নান্দেজ, সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর নাথালি চুয়ার্ড, নরওয়ের অ্যাম্বাসেডর এস্পেন রিক্টার সেভেন্ডসেন।