অনিবার্য কারণবশত আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।

আজ রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) প্রেরিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল রাতে রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১টার পরেও সেখানে দুই পক্ষের অবস্থান ও উত্তেজনা চলছিল। এতে কমপক্ষে পাঁচ শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১২টার পর সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

সাত কলেজের শিক্ষার্থীরা বলেন, পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে ‘অপমান’ করেন। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের এক জরুরি সভা আজ দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয়সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।