পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর সড়কপথে প্রকল্প এলাকায় পৌঁছেছে। কঠোর নিরাপত্তায় আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বহরটি বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১২ট ২০ মিনিটের দিকে রূপপুরে পৌঁছেছে।

আজ সকাল সোয়া ৭টার দিকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এ বহরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।

ইউরেনিয়াম

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টা ৪৪ মিনিটে জ্বালানি বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

জানা গেছে, একটি দেশের আকাশসীমা ব্যবহারে ওই দেশের আপত্তির কারণে এ জ্বালানি পরিবহন কিছুটা বিলম্ব হয়। অবশেষে সেই জটিলতা কাটিয়ে গতকাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি দেশে এসে পৌঁছায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটিসহ মোট ৯টি কার্গোয় পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহের কার্যক্রম ২০২৬ সালের অক্টোবরে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের শেষ নাগাদ এ সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে। চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, কয়েকটি ফ্লাইটের মাধ্যমে এ জ্বালানি পরিবহন করা হবে।