বাগেরহাটে ১১০ কোটি টাকা পাচারের মামলায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সকালে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালতের বিচারক স্বপন কুমার সরকার জামিন না মঞ্জুর করে আবদুল মান্নান তালুকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৩ জুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণের আদেশ দেন। বাগেরহাট দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী জানান, গতকাল সকালে চিফ জুডিশিয়াল আদালতে নিউ বসুন্ধধারার এমডি আবদুল মান্নান তালুকদার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় আদালতের বিচারক স্বপন কুমার সরকার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৮ সালের ৩০ মে বাগেরহাট মডেল থানায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের এমডি আবদুল মান্নান তালুকদার ও চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে ১১০ কোটি ৩১ লাখ ৯ হাজার ১৩৫ টাকা ৫৮ পয়সা অবৈধ সম্পদ অর্জন, অপরাধলব্ধ আয় স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে মামলা করে দুদক।