দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়িতে মাদক রাখার অভিযোগে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিরামপুরের পৌর এলাকার মাহমুদপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে মাদকসহ তাদের আটক করে পুলিশ। মামলা দায়েরের পর গতকাল দুপুরে তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে চাকরিচ্যুত পুলিশ সদস্য রবিজ উদ্দিনের বাড়িতে মাদক মজুদ আছে—এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় ২ হাজার ৬০০টি ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৩ বোতল মদ ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং রবিজ উদ্দিন (৪২), তার
সহযোগী মতিয়ার রহমান (৪৩) ও সজলকে (২২) আটক করা হয়। তারা সবাই ওই এলাকার বাসিন্দা। তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী রবিজ উদ্দিন ১৪ বছর আগে তার স্ত্রীর মামলার কারণে কনস্টেবল পদ থেকে চাকরিচ্যুত হন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তিনজনকে আসামি করে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের গতকাল দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিরামপুরে মাদকসহ তিনজন আটক
দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়িতে মাদক রাখার অভিযোগে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ।










