আগের দুই বিশ্বকাপে ১৫ ম্যাচ খেলে মাত্র একটি জয় পাওয়া আফগানিস্তান এবার ভারতে চলমান আসরে সাত ম্যাচেই পেল চার চারটি জয়! গতকাল লক্ষ্ণৌতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে গেছে আফগানরা।
রশিদ খান, মোহাম্মদ নবিদের দল পয়েন্টে ধরে ফেলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। তিন দলেরই ঝুলিতে সমান ৮ পয়েন্ট। যদিও অজি ও কিউইদের চেয়ে নেট রানরেটে পিছিয়ে রয়েছে আফগানরা।
আগে ব্যাটিং করতে নেমে ১৭৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। বল ঘুরিয়ে নবি ২৮ রানে তিনটি ও নূর আহমাদ ৩১ রানে দুটি উইকেট নেন। ডাচদের চারজনকেই রানআউট করার কৃতিত্ব দেখায় আফগানরা! দলটির পক্ষে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া ম্যাক্স ও’ডাউড ৪২ ও কলিন অ্যাকারম্যান ২৯ রান করেন। রান তাড়া করতে নেমে ৫৫ রানের মধ্যে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে হারালেও শেষ পর্যন্ত সহজ জয় পায় আফগানিস্তান। রহমত শাহ (৫৪ বলে ৫২), হাশমতউল্লাহ শহিদি (৫৫ বলে ৪৭*) ও আজমতুল্লাহ ওমরজাই (১৯ বলে ২১*) দলের দাপুটে জয় নিশ্চিত করেন।










