ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) ২০২০-২১ অর্থবছরের জন্য ৯ হাজার ৭৫২ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। গতকাল সকালে বগুড়া সদরের নওদাপাড়াস্থ হোটেল মম ইনে সংক্ষিপ্ত বার্ষিক সাধারণ সভায় এ বাজেট পাস করা হয়।
বার্ষিক সাধারণ সভার আলোচ্য বিষয়গুলো উপস্থাপন ও আলোচনা করেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ মাহমুদা বেগমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় সংস্থার সহকারী সদস্য সচিব মিনতি আখতার বানু ২০১৯-২০-এর বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে ২০২০-২১ কর্মপরিকল্পনা উপস্থাপন ও অনুমোদন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক সচিব, জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক টিএমএসএসের উপদেষ্টা ড. এনামুল হক, আরডিএ বগুড়ার পরিচালক ড. মনসুর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নাসিমা আকতার জলি প্রমুখ।










