বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত দুদিনব্যাপী 'বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫' টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা প্যাডেল টেনিস গ্রাউন্ডে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ ইভেন্টের পর্দা নামে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহসভাপতি মো. রেজোয়ান সেলিম। বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের সদস্য শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল, সাকিফ আহমেদ সালাম, বিজিএমইএ-এর স্পোর্টস কমিটির চেয়ারম্যান মোঃ সাজ্জাদ আলী খান ও কমিটির কো-চেয়ারম্যান এম ইশফাক আহসান। বিজিএমইএ বোর্ডের পরিচালক শাহ রাঈদ চৌধুরীর তত্ত্বাবধানে এ প্যাডেল কাপ আয়োজিত হয়েছে।

‘বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫’ প্রতিযোগিতায় বিজিএমইএ-এর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা নতুন (বিগিনার) এবং অভিজ্ঞ (এডভ্যান্সড), এ দুই ক্যাটাগরিতে অংশগ্রহন করেন। বিজিএমইএ-এর পরিচালকদের মধ্য থেকে শাহ রাঈদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল এবং সাকিফ আহমেদ সালাম খেলায় অংশগ্রহণ করেন।

উভয় ক্যাটাগরির ফাইনাল ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বিজিএমইএ-এর এ উদ্যোগের প্রশংসা করেন।

বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫-এর বিগিনার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে 'সি' টিম; ফাহিম টেক্সটাইল মিলস লি. এর পরিচালক ফাহিম ফয়সাল ও পরিবার সদস্য আহনাফ আবতাহি আমিন। রানার-আপ হয়েছে ডি টিম, কটোনেক্স ফ্যাশনস লি. এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম ও পরিবার সদস্য রাহাবার রেহান আহমেদ।

বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে ‘ই’ টিম, জালাল হ্যাটস অ্যান্ড অ্যাপারেলস লি. এর পরিবার সদস্য আহমেদ আল সালমান ও ভয়েজার অ্যাপারেলস লি. এর পরিবার সদস্য নাসাফ আহমেদ নাসির। রানার-আপ হয়েছে ‘সি’ টিম, আহসান অ্যাপারেলস লিঃএর পরিচালক এম ইশফাক আহসান ও গ্রাফিক্স টেক্সটাইল লি. এর এমটিও আসওয়াদ আহনাফ খান।

বিগিনার ক্যাটাগরিতে ১১টি টিম ও এডভ্যান্সড ক্যাটাগরিতে ৮টি টিম, সর্বমোট ১৯টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।

সমাপনী বক্তব্যে বিজিএমইএ-এর শাহ রাঈদ চৌধুরী বলেন, ‘আমরা আনন্দিত যে, আমাদের শিল্পখাতের সদস্যদের জন্য এ সফল টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। সদস্যদের মধ্যে কর্ম উদ্যম বাড়াতে এবং পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় করার অভিপ্রায় থেকে বিজিএমইএ এই প্যাডেল কাপ আয়োজন করেছে।’

অনুষ্ঠানে বিজিএমইএ-এর সাধারণ সদস্য, সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।